কলকাতা – ভারতীয় রেলের নতুন RailOne অ্যাপের মাধ্যমে এবার এক প্ল্যাটফর্মেই মিলবে একাধিক রেল পরিষেবা। লোকাল কিংবা দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে আর আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না। বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সহজে টিকিট বুক করা যাবে। এই ডিজিটাল পরিষেবাকে আরও জনপ্রিয় করে তুলতে যাত্রীদের RailOne অ্যাপ ব্যবহারের আহ্বান জানাচ্ছে শিয়ালদহ ডিভিশন।
এর আগে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য ইউটিএস (UTS) অ্যাপ এবং দূরপাল্লার ট্রেনের টিকিটের জন্য আইআরসিটিসি (IRCTC) অ্যাপ ব্যবহার করতে হতো। নতুন RailOne অ্যাপ চালু হওয়ার ফলে একই অ্যাপ থেকেই দুই ধরনের টিকিট বুক করা সম্ভব হবে। এতে যাত্রীদের সময় বাঁচবে এবং টিকিট কাটার প্রক্রিয়াও আরও সহজ হবে।
শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল টিকিটিং নিয়ে আগের সচেতনতামূলক প্রচারে যাত্রীদের ভালো সাড়া পাওয়ার পর এবার সেই প্রচার আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে বাণিজ্যিক বিভাগের কর্মীরা যাত্রীদের RailOne অ্যাপ ডাউনলোড করতে সাহায্য করছেন এবং অ্যাপের মাধ্যমে কীভাবে দ্রুত টিকিট বুক করা যায়, সে সম্পর্কেও হাতে-কলমে বুঝিয়ে দিচ্ছেন।
এছাড়াও যাত্রীদের দ্রুত ও ঝামেলামুক্ত টিকিট বুকিংয়ের জন্য অ্যাপের ওয়ালেট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। রেলের আশা, এই উদ্যোগের ফলে টিকিট কাউন্টারের দীর্ঘ লাইন কমবে এবং যাত্রীরা আরও দ্রুত ও সহজে রেল পরিষেবা গ্রহণ করতে পারবেন।




















