রাজ্য – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা ২০ জন সাংসদকে লোকসভার স্পিকারের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে এই সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-এর সদস্য হিসেবে লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। দলের লোকসভা দলনেতার দায়িত্ব পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সোমবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্রের খবর, লোকসভায় এনসিপিআই-এর সাংগঠনিক অবস্থান এবং সংসদীয় বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।
এর আগে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন লোকসভায় দলনেতার দায়িত্বে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে শারীরিক অসুস্থতার কারণে তাঁর পরিবর্তে সেই দায়িত্ব পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, মুখ্যসচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই ওই পদে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়, যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেই সময় ডেপুটি লিডারের দায়িত্বে ছিলেন শতাব্দী রায়।
তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা এই সাংসদদের নতুন রাজনৈতিক অবস্থান এবং লোকসভায় এনসিপিআই-এর আনুষ্ঠানিক স্বীকৃতি জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।




















