রাজ্য – ২১ জুলাই শহিদ দিবস পালনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের পাশাপাশি এবার প্রদেশ কংগ্রেসও শহিদ মিনারে শহিদ দিবস পালনের প্রস্তুতি শুরু করেছে। সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
মঙ্গলবার শহিদ মিনার চত্বরে সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুল স্বীকার করেন, তাহলে তাঁর মন শান্তি পাবে।” পাশাপাশি তিনি দাবি করেন, ২১ জুলাইয়ের ইতিহাস বিকৃত না করে সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা উচিত।
প্রদেশ কংগ্রেসের দাবি, বহু বছর পর এবার বিধান ভবনের বাইরে শহিদ মিনারে তারা আনুষ্ঠানিকভাবে ২১ জুলাইয়ের কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই প্রশাসনের অনুমতিও মিলেছে। সেই কারণেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব।
শুভঙ্কর সরকার আরও বলেন, “শহিদ মিনার থেকেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছি, যদি তাঁর সৎ সাহস থাকে, তাহলে ইতিহাস বিকৃত করবেন না। সেই সময় পতাকাটি ছিল যুব কংগ্রেসের এবং কংগ্রেসের হাত চিহ্নের পতাকা। সেই ইতিহাস স্বীকার করলে রাজনৈতিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য, চলতি বছর ২১ জুলাইয়ের শহিদ দিবস পালনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে একাধিক দল পৃথকভাবে কর্মসূচির আয়োজন করছে। ফলে শহিদ দিবসের আগে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।




















