রাজ্য – রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার বারাকপুর-এসপ্ল্যানেড নতুন সরকারি বাস রুটের উদ্বোধন করে তিনি জানান, পুজোর আগেই নতুন সরকারি বাস, সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’, বন্ধ রুটে বাস পরিষেবা পুনরায় চালু, সরকারি বাসে জিপিএস ও সিসিটিভি এবং বেআইনি অটো-টোটো ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অভিযান শুরু হবে।
মন্ত্রী জানান, প্রায় ২ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক সরকারি বাস ইতিমধ্যেই পরিষেবায় যুক্ত হয়েছে। দুর্গাপুজোর আগে আরও ইলেকট্রিক, সিএনজি এবং শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় নামানো হবে। এছাড়াও কেন্দ্রের কাছে আরও ১,০০০টি বাস চাওয়া হয়েছে বলে তিনি জানান। এস-১১ রুটের পাশাপাশি ৮৫ নম্বর ও এমএন-৫-সহ একাধিক বন্ধ রুটেও পুনরায় বাস পরিষেবা চালুর আশ্বাস দেন পরিবহণমন্ত্রী। পর্যটনের সুবিধার জন্য ভবিষ্যতে ওপেন-হুড ডাবল ডেকার বাস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
মহিলা যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে সব সরকারি বাসে জিপিএস, সিসিটিভি এবং টোল-ফ্রি হেল্পলাইন চালুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনও আয়সীমা বা বিশেষ যোগ্যতার শর্ত ছাড়াই রাজ্যের সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’ চালু করা হবে। মন্ত্রীর দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রকল্পের প্রক্রিয়া শুরু হবে।
এদিন পরিবহণ দপ্তরে পূর্ববর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগও তোলেন অর্জুন সিং। তাঁর দাবি, সরকারি বাসের টায়ার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে বিক্রি করা হয়েছে এবং ভালো বাসের যন্ত্রাংশ খুলে পুরনো যন্ত্রাংশ লাগানো হয়েছিল। এই ধরনের অনিয়ম বন্ধ করা গেলে পরিবহণ ব্যবস্থাকে আরও লাভজনক করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ঘিরেও কড়া মন্তব্য করেন পরিবহণমন্ত্রী। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।




















