রাজ্য – তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন। সমাজমাধ্যমে একটি লাইভ সম্প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবমাননাকর ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগে তাঁর আইনজীবীর মাধ্যমে এই নোটিস পাঠানো হয়েছে।
অভিযোগ, সোমবার রাতে নিজের ভেরিফায়েড সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। লাইভে তাঁকে ‘অপরাধী’, ‘খুনি’ এবং ‘সুপারি দিয়ে খুন করান’ বলে মন্তব্য করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং মানহানিকর।
আইনি নোটিসে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই রাত ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত সম্প্রচারিত ওই লাইভের প্রায় ৬ মিনিট ৫৫ সেকেন্ডের সময় থেকে এই মন্তব্যগুলি করা হয়। এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি, সুনাম ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
নোটিসে আরও বলা হয়েছে, লাইভের শেষে মদন মিত্রকে ‘অ্যানিথিং মোর?’ বলতে শোনা যায়। তবে ভিডিওতে এমন কোনও ব্যক্তিকে দেখা যায়নি, যাঁর উদ্দেশে এই প্রশ্ন করা হয়েছিল। সেই বিষয়টিও নোটিসে উল্লেখ করে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই মন্তব্য করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।




















