নীতি আয়োগের নতুন সিইও অনুরাগ জৈন, প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল

নীতি আয়োগের নতুন সিইও অনুরাগ জৈন, প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – নীতি আয়োগের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্র সরকার। সংস্থার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগ করা হয়েছে ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক অনুরাগ জৈনকে। মধ্যপ্রদেশ ক্যাডারের এই অভিজ্ঞ আমলা আগামী দু’বছরের জন্য নীতি আয়োগের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য—উভয় স্তরেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অনুরাগ জৈন এর আগে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মধ্যপ্রদেশ সরকারের মুখ্যসচিব হিসেবেও দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের অক্টোবর থেকে তিনি মধ্যপ্রদেশের মুখ্যসচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক দক্ষতা ও নীতি বাস্তবায়নের অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে নীতি আয়োগের সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নীতি আয়োগে সিইও-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা, বিভিন্ন উন্নয়নমূলক নীতি প্রণয়ন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব এই পদের উপর বর্তায়। সেই গুরুত্বপূর্ণ দায়িত্বই এবার সামলাবেন অনুরাগ জৈন।

শিক্ষাগত জীবনেও অনুরাগ জৈনের সাফল্য উল্লেখযোগ্য। ১৯৮৬ সালে খড়গপুর আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জনের পর তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শুধু পড়াশোনাই নয়, ক্রীড়াক্ষেত্রেও তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। জাতীয় স্তরের টেনিস প্রতিযোগিতায় ১১টি পদক জয়ের পাশাপাশি মধ্যপ্রদেশের হয়ে ক্রিকেটও খেলেছেন তিনি। পরবর্তীকালে জনসেবার লক্ষ্যেই ১৯৮৯ সালে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় (আইএএস) যোগ দিয়ে দীর্ঘ প্রশাসনিক জীবনের সূচনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি বালুরঘাটের প্রাক্তন বিধায়ক ড. অশোক লাহিড়ীকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যেই এবার সিইও পদে অনুরাগ জৈনের নিয়োগকে কেন্দ্রের প্রশাসনিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top