উত্তর চব্বিশ পরগনা – উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার তালধারিয়া এলাকার ঘোষপাড়ায় একটি গেঞ্জির কারখানায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। মৃতের নাম সঞ্জয় সামন্ত (৫৫)। গুরুতর আহত ব্যক্তিকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্র শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, কারখানাটিতে গেঞ্জির কাপড়ে রং করার কাজ চলত। বয়লারের স্টিমের মাধ্যমে কাপড়ে রং দেওয়ার প্রক্রিয়া চলাকালীন অতিরিক্ত চাপ ও তাপমাত্রার জেরেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কারখানা অবৈধভাবে চলছে এবং যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। তাঁদের দাবি, এর আগেও দু-তিন বছর অন্তর এমন দুর্ঘটনা ঘটেছে। লোকালয়ের মধ্যে নিরাপত্তাবিধি উপেক্ষা করে কারখানা পরিচালনার অভিযোগও তুলেছেন তাঁরা। স্থানীয়দের বক্তব্য, দুর্ঘটনার পর কারখানার মালিক এলাকা ছেড়ে পালিয়ে যান।
ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের (এফএসএল) ডাকা হয়েছে। কারখানার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে আপাতত কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল কি না এবং কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।



















