কলকাতা – অভিযানের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিস পাঠাল দমকল। ফায়ার সেফটি ব্যবস্থায় ছয় ধরনের অনিয়মের উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব তলব করা হয়েছে। দমকলের দাবি, ওই অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ গত ১০ অগস্ট শেষ হয়ে গিয়েছে। এরপর আর নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়নি। বিল্ডিংয়ের ৭ ও ৮ তলায় থাকা অভিষেকের অফিসে ফায়ার সেফটি ব্যবস্থা নিয়েও একাধিক গলদ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দমকল।
মঙ্গলবার ক্যামাক স্ট্রিটের ওই বিল্ডিংয়ের মালিক ও ভাড়াটে পক্ষকে নোটিস পাঠিয়ে প্রয়োজনীয় নথিপত্র-সহ ৪৮ ঘণ্টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে ফায়ার সেফটি ব্যবস্থায় যে ছয় ধরনের অনিয়ম ধরা পড়েছে, সেগুলির বিষয়ে লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে। এই অনিয়মের কারণে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সিল করে দেওয়া হবে না, তার জবাবও দিতে বলা হয়েছে।
কয়েকদিন আগেই বিলবোর্ড লাগানো নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালিয়েছিল পুরসভা। সেই অভিযানকে কেন্দ্র করে অভিষেকের অফিসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুরকর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ও উত্তেজনার ঘটনাও সামনে আসে।
এর রেশ কাটতে না কাটতেই সোমবার ক্যামাক স্ট্রিটের ওই বিল্ডিংয়ের ৭ ও ৮ তলায় ফায়ার সেফটি ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান চালায় দমকল। পরদিনই অর্থাৎ মঙ্গলবার বিল্ডিংয়ের মালিক ও ভাড়াটে পক্ষকে নোটিস পাঠানো হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ ১০ অগস্ট শেষ হয়েছে এবং তারপর নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়নি। দমকলের অভিযানে ফায়ার সেফটি সংক্রান্ত ছয় ধরনের অনিয়ম ধরা পড়েছে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। এখন ৪৮ ঘণ্টার মধ্যে কী জবাব দেওয়া হয়, সেদিকেই নজর।




















