রাজ্য – তোলাবাজি ও বেআইনি চাঁদা আদায়ের অভিযোগে লাগাম টানতে এবার পৃথক আইন আনার পথে এগোচ্ছে রাজ্য সরকার। প্রস্তাবিত আইনে ‘তোলাবাজি’কে একটি নির্দিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এই অপরাধের ক্ষেত্রে কী ধরনের আইনি পদক্ষেপ এবং শাস্তি হবে, তারও নির্দিষ্ট বিধান রাখা হতে পারে।
প্রস্তাবিত আইনে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর দ্রুত পদক্ষেপের ব্যবস্থাও রাখার কথা ভাবা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর সাধারণ ধারায় মামলা করার পরিবর্তে নতুন আইনের নির্দিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার সুযোগ থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
বিজেপির সংকল্পপত্রে সরকার গঠনের পর তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তোলাবাজি ও সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যেই টোল-ফ্রি নম্বর চালু করেছে রাজ্য সরকার।
এবার শুধু অভিযোগ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ না থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতেই পৃথক আইন আনার উদ্যোগ বলে মনে করা হচ্ছে। নতুন আইনের খসড়া ও চূড়ান্ত বিধান কী হবে, সেদিকেই এখন নজর প্রশাসনিক মহলের।




















