প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়! রাজসাক্ষী হতে সিবিআইয়ের দ্বারস্থ পার্থ-ঘনিষ্ঠ সন্তু, টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক দাবি

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়! রাজসাক্ষী হতে সিবিআইয়ের দ্বারস্থ পার্থ-ঘনিষ্ঠ সন্তু, টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক দাবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। মামলায় অভিযুক্ত এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সন্তু গঙ্গোপাধ্যায় রাজসাক্ষী হতে চেয়ে সিবিআইয়ের কাছে আবেদন করেছেন। বর্তমানে জামিনে থাকা সন্তু এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। সিবিআইকে দেওয়া চিঠিতে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন নিয়ে একাধিক দাবি করেছেন তিনি।

সন্তুর দাবি, প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কাছ থেকে এজেন্টদের মাধ্যমে ঘুষের টাকা সংগ্রহ করতেন তিনি। পরে সেই টাকা মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের হাতে তুলে দিতেন বলে তাঁর বক্তব্য। তাঁর দাবি অনুযায়ী, ২০১৭ সালে কুন্তল সেই টাকা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বেহালার বাড়ি এবং নিউ আলিপুরের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর অফিসে পৌঁছে দিয়েছিলেন।

সিবিআইকে দেওয়া আবেদনে সন্তু আরও দাবি করেছেন, নিউ আলিপুরের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর অফিসে ৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি ২২ লক্ষ টাকা এবং কুন্তল ঘোষ ৩ কোটি ২৮ লক্ষ টাকা জোগাড় করতে পেরেছিলেন। অর্থাৎ মোট ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যবস্থা করা সম্ভব হয়েছিল। পুরো ৫ কোটি টাকা জোগাড় না হওয়ায় সুজয়কৃষ্ণ ভদ্র তাঁদের উপর ক্ষুব্ধ হয়েছিলেন বলেও দাবি করেছেন সন্তু।

সন্তুর আরও অভিযোগ, সেই সময় সুজয়কৃষ্ণ জানিয়েছিলেন, তাঁর ‘সাহেব’ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে রাগ করবেন। তবে চিঠিতে সন্তুর করা এই সমস্ত অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই হয়নি। সিবিআইয়ের তদন্ত এবং আদালতের পরবর্তী প্রক্রিয়ায় এই দাবিগুলির গুরুত্ব কতটা, সেটাই এখন দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top