কলকাতা
মা উড়ালপুলে গাড়ি চালকদের সুবিধার জন্য এবার বড় উদ্যোগ কলকাতা ট্রাফিক পুলিশের। ফ্লাইওভারে ওঠার আগেই সেতুর উপরের যান চলাচলের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন চালকরা। সোমবার থেকে মা উড়ালপুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড।
মা উড়ালপুলে ওঠার পর ছোট-বড় দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া বা অন্য কোনও কারণে যানজট তৈরি হলে অনেক সময় তা আগে থেকে বোঝার উপায় থাকে না। ফলে ফ্লাইওভারে উঠে পড়ার পর যানজটে আটকে যেতে হয় চালকদের। নতুন ডিজিটাল ডিসপ্লে চালু হলে সেই সমস্যাই অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।
উড়ালপুলে ওঠার আগেই ডিসপ্লে বোর্ডে জানিয়ে দেওয়া হবে, সামনে রাস্তা পরিষ্কার রয়েছে নাকি যানজট রয়েছে। সেখানে ‘Road Closed or Congested Ahead’ অথবা ‘Road Clear’-এর মতো বার্তা দেখতে পাবেন গাড়িচালকরা। ফলে সামনে পরিস্থিতি দেখে তাঁরা প্রয়োজন অনুযায়ী ফ্লাইওভারে ওঠার সিদ্ধান্ত নিতে পারবেন।
বিশেষ করে যাঁদের তাড়া রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ব্যবস্থা বেশ কাজে আসবে। ডিসপ্লেতে যানজটের খবর দেখে কেউ চাইলে মা উড়ালপুলে না উঠে বিকল্প রাস্তা বেছে নিতে পারবেন। এর ফলে শুধু চালকদের সময় বাঁচবে না, উড়ালপুলের উপরেও অপ্রয়োজনীয় যানজটের চাপ কমানো সম্ভব হবে।
শুধু ডিজিটাল সাইনেজ নয়, যানজট নিয়ন্ত্রণে মা উড়ালপুলের মিডিয়ান কাটআউটের সংখ্যাও বাড়ানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী গাড়ি ঘুরিয়ে দেওয়া এবং যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই অতিরিক্ত কাটআউটগুলিও কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
মা উড়ালপুলে যান চলাচল আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছন্দ করতেই কলকাতা ট্রাফিক পুলিশের এই উদ্যোগ। ফলে এবার থেকে ফ্লাইওভারে ওঠার আগেই চালকদের হাতে থাকবে গুরুত্বপূর্ণ ট্রাফিক তথ্য।




















