‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়’, জোড়া এনকাউন্টার নিয়ে কবিতা লিখলেন অগ্নিমিত্রা পাল

‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়’, জোড়া এনকাউন্টার নিয়ে কবিতা লিখলেন অগ্নিমিত্রা পাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে তিনটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার ফের জোড়া এনকাউন্টারের সাক্ষী থেকেছে রাজ্য। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। এবার এনকাউন্টার নিয়ে নিজের ভাবনা কবিতার মাধ্যমে তুলে ধরলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সোশ্যাল মিডিয়ায় ‘এনকাউন্টার’ শীর্ষক সেই কবিতা ভাগ করে নিয়েছেন তিনি।

‘অপরাধের বিরুদ্ধে কঠোরতা চাই’

নিজের কবিতায় অপরাধ দমন, মানুষের নিরাপত্তা এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। কবিতায় তিনি লিখেছেন, ‘অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক/ যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।’

অন্যায়ের কাছে মাথা নত না করার বার্তাও উঠে এসেছে তাঁর লেখায়। অগ্নিমিত্রার কথায়, ‘অন্যায়ের কাছে মাথা নত নয়, অপরাধের বিরুদ্ধে কঠোরতা চাই/ কখনও পরিস্থিতি কঠিন হয়, সিদ্ধান্তের ভারও সহজ নয়।’

কবিতায় মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন রাজ্যের মন্ত্রী। তাঁর বক্তব্য, রাষ্ট্রের শক্তি মানুষের পাশে থাকুক এবং প্রতিটি ঘরে শান্তির সকাল ফিরে আসুক। অপরাধ দমনে দৃঢ়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

অগ্নিমিত্রা লিখেছেন, ‘তবু সাহসের মূল্য কম নয়, মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়/ রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে, শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে/ অপরাধ দমনে দৃঢ়তা চাই, মানুষের নিরাপত্তায় আপস নাই।’

পুলিশকে পূর্ণ স্বাধীনতার বার্তা শুভেন্দুর

এদিকে, মঙ্গলবারের এনকাউন্টারের ঘটনাগুলির আবহে পুলিশের ভূমিকা নিয়েও বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, পুলিশ বাহিনীকে দুটি বিষয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

প্রথমত, নেশামুক্তি এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান। দ্বিতীয়ত, নারীদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি।

এনকাউন্টার নিয়ে রাজ্যে যখন নানা মত উঠে আসছে, তখন অগ্নিমিত্রা পালের কবিতা এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে আইনশৃঙ্খলা ও অপরাধ দমনের প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top