ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর শুভেন্দুর হুঁশিয়ারি, ‘সবে তো চা-বিস্কুট, এখনও ব্রেকফাস্ট হয়নি’

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর শুভেন্দুর হুঁশিয়ারি, ‘সবে তো চা-বিস্কুট, এখনও ব্রেকফাস্ট হয়নি’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: দুর্গাপুজোর ভিআইপি পাস নিয়ে দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগে বুধবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরনোর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ বলে জানা গিয়েছে। ইন্দ্রনীলের গ্রেফতারির পরই তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হুঁশিয়ারি, তদন্তের আঁচ ঠিক সময়ে আরও বড় জায়গাতেও পৌঁছবে।

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর নিশানায় ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীল ও মমতাকে একযোগে আক্রমণ করে শুভেন্দু বলেন, ইন্দ্রনীলের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি ও পুলিশ। তথ্যপ্রমাণের ভিত্তিতেই গ্রেফতারির পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে আইনি প্রক্রিয়া চলবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত ছিল ইন্দ্রনীল সেনের প্রতি। দু’জনের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “মমতা ব্যানার্জি, ইন্দ্রনীল সেন একে অন্যের পরিপূরক ছিলেন। যা পরিণতি হওয়ার হচ্ছে।”

এরপরই আরও কড়া ভাষায় আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন, “সবে তো চা-বিস্কুট। এখনও ব্রেকফাস্ট হয়নি।” তাঁর দাবি, দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আগামী দিনে আরও পদক্ষেপ করা হবে। শুভেন্দুর হুঁশিয়ারি, “প্রাতিষ্ঠানিক চোরেদের সব জেলে যেতে হবে। ঠিক সময়ে বড় জায়গাতেও হাত পড়বে।”

ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে তদন্ত ও আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা, অন্যদিকে দুর্নীতির অভিযোগ ঘিরে শাসক-বিরোধী তরজা—সব মিলিয়ে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top