ইন্দ্রনীলকে ‘সহকর্মী’ মানতেই নারাজ বাবুল! পুজো পাস দুর্নীতি মামলায় গ্রেফতারির পর পুরনো সংঘাত ঘিরে চর্চা

ইন্দ্রনীলকে ‘সহকর্মী’ মানতেই নারাজ বাবুল! পুজো পাস দুর্নীতি মামলায় গ্রেফতারির পর পুরনো সংঘাত ঘিরে চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় একসঙ্গে ছিলেন দু’জন। একজন ইন্দ্রনীল সেন, অন্যজন বাবুল সুপ্রিয়। কিন্তু পুজো পাস দুর্নীতি মামলায় বুধবার ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পর তাঁকে আর ‘সহকর্মী’ বলে মানতে নারাজ বাবুল সুপ্রিয়। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাচক্রে, দু’জনের মধ্যে তিক্ততার সূত্রপাত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকাকালীনই।

তৃণমূল সরকারের আমলে নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরের সামনেই একবার প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়েছিলেন তৎকালীন মন্ত্রিসভার দুই সদস্য বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেন। দফতরের ফাইল আটকে রাখা নিয়ে ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বাবুল। সেই ঘটনা নিয়ে সে সময় রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা হয়েছিল।

বুধবার পুজো পাস দুর্নীতি মামলায় প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পর সেই পুরনো সংঘাতের প্রসঙ্গই যেন ফের সামনে চলে এল। সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবুল স্পষ্ট করে দেন, ইন্দ্রনীলকে তিনি সহকর্মী বলে মনে করেন না। তাঁর কথায়, “ইন্দ্রনীল সেনের কাজের সংজ্ঞা আমার সিলেবাসের বাইরে।”

কেন এমন মন্তব্য, তার ব্যাখ্যা দিতে গিয়ে বাবুল বলেন, অতীতে যে সমস্ত অনিয়ম বা সমস্যা তাঁর নজরে এসেছিল, সে বিষয়ে তিনি আগেই নিজের বক্তব্য জানিয়েছিলেন। বর্তমানে রাজ্যসভার সাংসদ বাবুলের বক্তব্য, আইন অনুযায়ী সবার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়, ইন্দ্রনীল সেনের ক্ষেত্রেও তা-ই হওয়া উচিত।

ফেসবুক পোস্ট ঘিরেও জল্পনা

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর বাবুল সুপ্রিয়র একটি ফেসবুক পোস্ট ঘিরেও জল্পনা তৈরি হয়। তবে ‘দ্য ওয়াল’-এর কাছে বাবুল স্পষ্ট করেন, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিংবা কারও ভাল-মন্দ নিয়ে মন্তব্য করার উদ্দেশ্যে তিনি পোস্টটি করেননি।

বাবুল জানান, সন্ধ্যা থেকে তাঁকে একের পর এক ফোন ও হোয়াটসঅ্যাপ করা হচ্ছিল। বারবার নানা প্রশ্নের মুখে পড়ে বিরক্ত হয়েই তিনি ওই পোস্ট করেছিলেন। পোস্টে কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, কে কীভাবে পোস্টটির ব্যাখ্যা করছেন, তা তাঁদের নিজস্ব বিষয়। এই নিয়ে আর কোনও বাড়তি মন্তব্য করতে চান না তিনি।

ইন্দ্রনীলের গ্রেফতারির পর বাবুলের এই মন্তব্যে দুই প্রাক্তন মন্ত্রীর পুরনো সংঘাত আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top