বাংলায় বড় শিল্প গড়তে আগ্রহী বেদান্তা, আসানসোলে অ্যালুমিনিয়াম কারখানার পরিকল্পনা! ১০ হাজার কর্মসংস্থানে জোর

বাংলায় বড় শিল্প গড়তে আগ্রহী বেদান্তা, আসানসোলে অ্যালুমিনিয়াম কারখানার পরিকল্পনা! ১০ হাজার কর্মসংস্থানে জোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা:

বড়বাজারের তুলাপট্টিতে ছিল পরিবারের দোকান। কলকাতাতেই কেটেছে ছোটবেলার বেশ কয়েকটি বছর। সেই শহরে ফিরে এবার বাংলায় বড় শিল্প গড়ার আগ্রহ প্রকাশ করলেন বেদান্তা গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়াল। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বিনিয়োগ ও কর্মসংস্থান। সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের আসানসোলে অ্যালুমিনিয়াম কারখানা গড়ার পরিকল্পনা করছে বেদান্তা গোষ্ঠী। প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিও দ্রুত এগিয়ে নিয়ে যেতে আগ্রহী সংস্থাটি।

আসানসোলেই কেন কারখানা গড়ার পরিকল্পনা?

সূত্রের খবর, কয়লার জোগান এবং ইতিমধ্যে তৈরি পরিকাঠামোর সুবিধার কথা মাথায় রেখেই আসানসোলকে সম্ভাব্য কেন্দ্র হিসেবে বিবেচনা করছে বেদান্তা। ওই এলাকায় গোষ্ঠীর প্রায় ৩০০ একর জমি রয়েছে। সেই জমিতে প্রস্তাবিত কারখানা গড়া সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে। তবে প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত জমির প্রয়োজন হতে পারে বলেও জানা যাচ্ছে।

অনিল আগরওয়াল জানিয়েছেন, সম্ভাব্যতা সমীক্ষার ফল অনুকূল হলে এবং রাজ্য সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে তিন বছরের মধ্যে প্রস্তাবিত প্রকল্পগুলি চালু করা সম্ভব হতে পারে। তবে এখনও বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রকল্পের বাস্তবসম্মত সম্ভাবনা যাচাই করার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

১০ হাজার কর্মসংস্থান তৈরিতে জোর মুখ্যমন্ত্রীর

নবান্নের বৈঠকে কর্মসংস্থানের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজ্যে ১০ হাজার মানুষের কাজের সুযোগ তৈরি করার উপর জোর দিয়েছেন তিনি। বেদান্তা গোষ্ঠীর বিবৃতিতেও বিনিয়োগ এবং ১০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনার কথা জানানো হয়েছে।

রাজ্যে শিল্প বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সেই প্রেক্ষাপটে খনি ও ধাতুশিল্পের আন্তর্জাতিক গোষ্ঠী বেদান্তার আগ্রহকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত আসানসোলের মতো শিল্পাঞ্চলে নতুন প্রকল্প গড়ে উঠলে কর্মসংস্থান ও সংশ্লিষ্ট শিল্পের বিকাশের সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে আপাতত সবটাই পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। জমি, পরিকাঠামো, কয়লার জোগান এবং সরকারি সহযোগিতার মতো বিষয়গুলি খতিয়ে দেখার পরেই প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top