কলকাতা —
স্কুল সার্ভিস কমিশন ও কলেজ সার্ভিস কমিশনের ধাঁচে এবার রাজ্যে বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ নিল নবান্ন। প্রস্তাবিত এই কমিশনের গঠনতন্ত্র ও কার্যপদ্ধতি নির্ধারণের জন্য ১১ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ও প্রশাসনিক আধিকারিকেরা। উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব পার্থ চক্রবর্তীকে কমিটির সদস্য-আহ্বায়ক করা হয়েছে।
বর্তমানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের অনুমোদিত শূন্যপদে নিজস্ব উদ্যোগে শিক্ষক নিয়োগ করতে পারে। কিন্তু প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন কার্যকর হলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব ক্ষমতা কতটা বজায় থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধু কমিশনের গঠন ও কার্যপদ্ধতি নির্ধারণই নয়, বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের বর্তমান পদ্ধতিও খতিয়ে দেখবে এই কমিটি। প্রয়োজনে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নেওয়া হবে। সমস্ত দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ-সহ রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে।
এই রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কমিশন তৈরি হলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।




















