পশ্চিমবঙ্গ —
রাজ্যের আইএএস অফিসারদের জন্য একাধিক নতুন আর্থিক ও প্রশাসনিক সুবিধার কথা ঘোষণা করা হল। এবার থেকে নির্দিষ্ট চার বছরের সময়সীমায় একবার হোম টাউন বা অল ইন্ডিয়া এলটিসির পরিবর্তে বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন আইএএস আধিকারিকেরা। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই, মরিশাস-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। পাশাপাশি বাড়ি ভাড়া, আপ্যায়ন ভাতা, বিদেশে উচ্চশিক্ষার ঋণ এবং ল্যাপটপ কেনার ক্ষেত্রেও মিলবে বিশেষ সুবিধা।
এই বিষয়ে ইতিমধ্যেই কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সরকারি আবাসন না পাওয়া এবং বাড়ি ভাড়া ভাতা গ্রহণ না করা আইএএস অফিসারেরা মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বাড়ি ভাড়া বাবদ ফেরত পাবেন। প্রতি তিন বছর অন্তর এই ভাতার পরিমাণ ২০ শতাংশ করে বাড়ানো হবে।
বাড়ল আপ্যায়ন ভাতাও
আইএএস আধিকারিকদের আপ্যায়ন ভাতাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সচিব পদের নিচে থাকা অফিসারেরা মাসে ১৫ হাজার টাকা আপ্যায়ন ভাতা পাবেন। অন্যদিকে, সচিব, প্রিন্সিপ্যাল সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ ৭০ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা করা হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ
শুধু দৈনন্দিন আর্থিক সুবিধাই নয়, আইএএস অফিসারদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি, নতুন আইএএস অফিসারেরা কাজে যোগ দেওয়ার সময় প্রিন্টার-সহ সর্বোচ্চ দুই লক্ষ টাকা মূল্যের ল্যাপটপ বা ডেস্কটপ পাবেন।
সব মিলিয়ে, রাজ্যের আইএএস আধিকারিকদের কাজের পরিবেশ, আর্থিক সুযোগ-সুবিধা এবং পেশাগত উন্নয়নের কথা মাথায় রেখেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।




















