কালীঘাট —
একসময় রাজ্যের প্রশাসনিক প্রধান থাকাকালীন কালীপুজোর দিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে উপচে পড়ত ভিড়। রাজনৈতিক নেতা, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের উপস্থিতিতে জমজমাট থাকত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। কিন্তু এক বছরের ব্যবধানে রাজ্য রাজনীতির পালাবদলের পর বদলে গিয়েছে সেই পরিচিত ছবিও। এবার কালীপুজোর দিন কালীঘাটের বাড়িতে চোখে পড়ল অনেকটাই নির্জন পরিবেশ। পুলিশের কয়েকটি গাড়ি এবং নিরাপত্তারক্ষীদের উপস্থিতি ছাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাকি অংশ ছিল প্রায় ফাঁকা। ছিল না আগের মতো অনুগামীদের ভিড় কিংবা পরিচিত ভিভিআইপি অতিথিদের সমাগম।
তবে সাধারণ মানুষের জন্য বাড়ির দরজা এবারও খোলা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেনা আটপৌরে শাড়িতে অতিথিদের স্বাগত জানাতে দেখা যায় তাঁকে। পাড়ার বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ—অনেকের সঙ্গেই কথা বলেন এবং নিজে তাঁদের আপ্যায়ন করেন তিনি। অন্য বছরগুলির তুলনায় এবার রাজনৈতিক ও বিনোদন জগতের পরিচিত মুখদের উপস্থিতি ছিল অনেকটাই কম।
বাড়ির উঠোনে চলছিল কালীপুজোর আয়োজন। সন্ধ্যার পর একে একে উপস্থিত হন সাংসদ সৌগত রায়, দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ-সহ একাধিক ছাত্র ও যুব নেতা। ঘুরে যান প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন প্রাক্তন বিধায়ক ও রাজনৈতিক নেতা। রাতের দিকে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
পুজোর আয়োজনের ফাঁকেই অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাড়িতে মৃদু সুরে বাজছিল তাঁর লেখা ও সুর করা গত দশ বছরের বিভিন্ন অ্যালবামের গান। নিজেই সেই কথা জানিয়ে মমতা বলেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী ও তৃষাদের গাওয়া গান শোনানো হচ্ছে।
উল্লেখ্য, কালীপুজোর ঠিক একদিন আগে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও সংলগ্ন পটুয়াপাড়ায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ ওঠে। বাড়ির সামনে বিপুল জমায়েত ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশের অসন্তোষের কথা সামনে আসে। পাশাপাশি, একদল অপরিচিত মুখ অভিষেকের বাড়িতে হামলা চালায় বলেও পাল্টা অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে থানা-পুলিশের হস্তক্ষেপ করতে হয়।
তবে শনিবারের সেই উত্তেজনার কোনও দৃশ্যমান ছাপ ছিল না পরদিন কালীঘাটের রাস্তায়। নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই পরিচয় জানিয়ে সহজে বাড়িতে প্রবেশ করেছেন অতিথিরা। রাজনৈতিক পালাবদলের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর আয়োজনের এই বদলে যাওয়া ছবিই এবার বিশেষভাবে নজর কেড়েছে।




















