দেশ —
ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি ‘হিটম্যান’ নামেই পরিচিত। আর ব্যাট হাতে সেই নামের যথার্থতা আরও একবার প্রমাণ করলেন রোহিত শর্মা। ওডিআই ক্রিকেটে তিনটি ভিন্ন দেশের বিরুদ্ধে ৫০টির বেশি ছক্কা হাঁকানোর অনন্য নজির গড়লেন ভারতীয় দলের তারকা ওপেনার। বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত আর কোনও ব্যাটারের এই কৃতিত্ব নেই।
সদ্য প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে এখনও পর্যন্ত ৯৩টি ছক্কা মেরেছেন রোহিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ছক্কার সংখ্যা ৫৮। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে আরও দুটি ছক্কা হাঁকানোর পর কিউয়িদের বিরুদ্ধে তাঁর মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৫১। অর্থাৎ, তিনটি আলাদা দেশের বিরুদ্ধে ছক্কার হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতীয় তারকা।
তবে সবচেয়ে নজরকাড়া পরিসংখ্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৯৩টি ছক্কা। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে এমন ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিং নিঃসন্দেহে বিশেষ কৃতিত্বের। ক্রিকেট কেরিয়ার শেষ করার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার সুযোগও রয়েছে তাঁর সামনে।
কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক ও জাম্পার মতো বর্তমান প্রজন্মের বোলারদের পাশাপাশি অতীতে ব্রেট লি, শন টেট এবং মিচেল জনসনের মতো গতিদানবদের বিরুদ্ধেও নিজের ব্যাটিংয়ের দাপট দেখিয়েছেন রোহিত। ২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ধারক ম্যাচে ১৬টি ছক্কা হাঁকিয়ে তৎকালীন বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। সময়ের সঙ্গে সেই বিধ্বংসী ব্যাটিংই তাঁকে ক্রিকেটবিশ্বে ‘হিটম্যান’ হিসেবে পরিচিতি দিয়েছে।


















