ফের বামেদের বইয়ের স্টলে ভাঙচুরের অভিযোগ, কালীপুজোর রাতে উত্তেজনা নৈহাটি-সহ একাধিক এলাকায়

ফের বামেদের বইয়ের স্টলে ভাঙচুরের অভিযোগ, কালীপুজোর রাতে উত্তেজনা নৈহাটি-সহ একাধিক এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নৈহাটি —

দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থীদের বইয়ের স্টলে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। এবার কালীপুজোর দিনেও সেই একই ঘটনার পুনরাবৃত্তির অভিযোগ সামনে এল। নৈহাটি, হাবড়া ও মধ্যমগ্রামে কালীপুজো উপলক্ষে তৈরি বামপন্থীদের বুকস্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ফের বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগ, নৈহাটির একটি ব্যস্ত এলাকায় যখন প্রচুর মানুষের ভিড় ছিল, সেই সময় একদল দুষ্কৃতী আচমকাই বামেদের বইয়ের স্টলে ভাঙচুর শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে বাম সমর্থকদের বচসা শুরু হয়। পরে পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে। পুজোর আনন্দের মধ্যেই এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, শারদোৎসবের সময় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীদের প্রায় ৩০০-রও বেশি বইয়ের স্টলে ভাঙচুর, বই ছুড়ে ফেলে দেওয়া এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল। কোথাও পুলিশি বাধার অভিযোগ, আবার কোথাও সরাসরি বিজেপির লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল সিপিএম-সহ বাম দলগুলি।

দক্ষিণ কলকাতার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড চত্বরে বামেদের একটি বুকস্টল ভেঙে দেওয়ার ঘটনায় কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিল সিপিএম। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে আরএসএস নেতা জিষ্ণু বসুও।

এবার কালীপুজোর দিন নৈহাটি, হাবড়া ও মধ্যমগ্রামে একই ধরনের অভিযোগ সামনে আসায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বইয়ের স্টলে হামলার অভিযোগ ঘিরে পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top