কালীপুজোর রাতে এনআরএস মেডিক্যাল কলেজের হস্টেলে আগুন, বাজি পোড়ানো ঘিরে উঠল গুরুতর অভিযোগ

কালীপুজোর রাতে এনআরএস মেডিক্যাল কলেজের হস্টেলে আগুন, বাজি পোড়ানো ঘিরে উঠল গুরুতর অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা —

কালীপুজোর রাতে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। প্রথমে বেলেঘাটা মেন রোডের একটি বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে। এবার আগুন লাগার ঘটনা ঘটল কলকাতার অন্যতম প্রধান সরকারি হাসপাতাল নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্রাবাসে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ উঠেছে, হাসপাতালের সাইলেন্স জোনের বিধিনিষেধ উপেক্ষা করে চিকিৎসক-পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের বাজি পোড়ানোর ঘটনাই এই অগ্নিকাণ্ডের কারণ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার কালীপুজোর সন্ধ্যায় বাজি ফাটানোয় মেতে উঠেছিলেন কয়েকজন জুনিয়র ডাক্তার ও ডাক্তারি পড়ুয়া। রাত প্রায় ৯টা নাগাদ আচমকাই হস্টেল চত্বরে আগুন লাগে।

তবে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। হস্টেলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তারক্ষীরা। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া যায়।

উল্লেখ্য, সরকারি হাসপাতালে ভর্তি থাকা অসংখ্য রোগীর স্বাস্থ্য ও চিকিৎসার পরিবেশের কথা মাথায় রেখে হাসপাতাল এবং তার আশপাশের এলাকাকে সংবেদনশীল ‘সাইলেন্স জোন’ হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। এমনকী, হর্ন বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

সেই পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে কীভাবে নিষিদ্ধ শব্দবাজি ও আতসবাজি পোড়ানো হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসক-পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঘিরে হাসপাতালের নিরাপত্তা ও নিয়ম মেনে চলার বিষয়টিও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top