দেশ —
চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে চিন থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৭-২৮ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে বিভিন্ন ক্ষেত্রের ১০০টি পণ্যের উৎপাদন বাড়াতে বিশেষ ব্যবস্থা ঘোষণা করা হতে পারে।
জানা গিয়েছে, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীন শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ (ডিপিআইআইটি) ইতিমধ্যেই এমন ১০০টি পণ্য চিহ্নিত করার কাজ সম্পন্ন করেছে, যেগুলির জন্য ভারতকে ব্যাপকভাবে আমদানির উপর নির্ভর করতে হয়। এই তালিকায় অটোমোবাইলের যন্ত্রাংশ, রাসায়নিক এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও শিল্পসামগ্রী থাকতে পারে। সংশ্লিষ্ট আধিকারিকদের দাবি, বিভিন্ন মন্ত্রক এবং বেসরকারি ক্ষেত্রের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এই পণ্যগুলি চিহ্নিত করা হয়েছে।
দেশীয় উৎপাদনে কী কী সুবিধা?
এই উদ্যোগের মূল লক্ষ্য, ভারতে যে পণ্যগুলি একেবারেই তৈরি হয় না অথবা প্রয়োজনের তুলনায় কম পরিমাণে উৎপাদিত হয়, সেগুলির উৎপাদন বাড়ানো। এর ফলে একদিকে যেমন আমদানির উপর নির্ভরতা কমবে, অন্যদিকে দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভারতীয় পণ্যের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রস্তাব অর্থ মন্ত্রকের কাছে পাঠাবে বাণিজ্য মন্ত্রক। ২০২৭-২৮ অর্থবর্ষের বাজেটের সুপারিশের অংশ হিসেবেই এই উদ্যোগের পরিকল্পনা করা হচ্ছে।
কী ধরনের সহায়তা মিলতে পারে?
দেশীয় উৎপাদকদের উৎসাহিত করতে একাধিক আর্থিক ও অ-আর্থিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে গবেষণা ও উন্নয়ন বা আরঅ্যান্ডডি খাতে সহায়তা, বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সুবিধা এবং পরীক্ষণ ও শংসাপত্র প্রদানের পরিকাঠামো আরও শক্তিশালী করা। সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭-এ কেন্দ্রীয় বাজেট ২০২৭-২৮ পেশ হতে পারে। সেই বাজেটে দেশীয় উৎপাদন বাড়ানো এবং চিন-সহ বিদেশি বাজারের উপর নির্ভরতা কমাতে কী কী ঘোষণা করা হয়, এখন সেদিকেই নজর শিল্পমহলের।


















