কলকাতা —
রাজ্যে আরও বেশি শিল্প বিনিয়োগ টানতে সরকারি স্তরে দীর্ঘসূত্রতা কাটানোর উদ্যোগ নিল নবান্ন। লাল ফিতের ঘেরাটোপে আটকে থেকে যাতে কোনও শিল্পপ্রকল্পের কাজ অযথা বিলম্বিত না হয়, তার জন্য নির্দিষ্ট কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে কোনও লগ্নিকারী সহজেই জানতে পারবেন, তাঁর প্রকল্পের কাজ কোন পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় ছাড়পত্র পেতে কতটা সময় লাগতে পারে।
নবান্ন সূত্রে খবর, নতুন ব্যবস্থায় প্রতিটি পর্যায়ের কাজের অগ্রগতি অনলাইনে নজরদারির আওতায় থাকবে। ফলে কোনও প্রকল্প কোন দফতরে বা কোন স্তরে আটকে রয়েছে, ছাড়পত্র পেতে দেরি হচ্ছে কেন, তা সহজেই জানতে পারবেন শীর্ষ আধিকারিকরা। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ হচ্ছে কি না, তার উপরেও নজর রাখা যাবে।
প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় প্রক্রিয়া সিঙ্গল উইন্ডো পোর্টালের মাধ্যমে সম্পন্ন করার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার সেই পোর্টালেই অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় ফি জমা দেওয়ার ব্যবস্থাও থাকছে। আবেদন জমা পড়ার পর সরকারি স্তরে তা যাচাই করে সাত দিনের মধ্যে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে, কোন কোন বিষয়ে ঘাটতি রয়েছে। অতিরিক্ত কোনও নথি বা তথ্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট দফতর তা-ও নির্দিষ্টভাবে জানিয়ে দেবে। ফলে প্রয়োজনীয় নথির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে না লগ্নিকারীদের।
আবেদনের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে ‘লেটার অফ ইনটেন্ট’ বা আগ্রহপত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই পর্যায়ে প্রকল্পের বেসলাইন নথিভুক্ত হওয়ার পাশাপাশি কোন কোন নীতি এবং শর্তের ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধা মিলবে, তা-ও চূড়ান্ত করা হবে।
এই লেটার অফ ইনটেন্টের মেয়াদ থাকবে তিন বছর। এই সময়ের মধ্যে সরকার কোনও নীতির সংশোধন করলেও সংশ্লিষ্ট প্রকল্পের ক্ষেত্রে নির্ধারিত সুবিধা অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে। তবে তিন বছরের সময়সীমা পেরিয়ে গেলে নতুন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শিল্পের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে দ্রুত অনুমোদন এবং প্রশাসনিক স্বচ্ছতার উপরেই জোর দিচ্ছে নবান্ন। নতুন ব্যবস্থায় সেই লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর শিল্পমহলের।


















