কলকাতা —
“স্টল নির্মাণের অনুমতিই তো নেই, অধিকার জন্মাল কী করে!” দুর্গাপুজোয় বামেদের তৈরি অস্থায়ী বুক স্টল ভেঙে দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। অনুমতি ছাড়া স্টল নির্মাণের অভিযোগে দায়ের হওয়া এই মামলা খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি রিশাদ মেডোরার অবকাশকালীন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রশাসনের কাছে অনুমতির আবেদন করে কোনও উত্তর না পেলেই সেই অনুমতি মঞ্জুর হয়েছে বলে ধরে নেওয়া যায় না।
আদালত আরও জানিয়েছে, প্রশাসনের নীরবতাকে সম্মতির ইঙ্গিত হিসেবে ধরে নিয়ে কোনও নির্মাণকাজ শুরু করার অধিকার তৈরি হয় না। বিচারপতির মতে, এই ঘটনায় আবেদনকারীর এমন কোনও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে হচ্ছে না, যার ভিত্তিতে হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া যেতে পারে।
জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় অস্থায়ী বইয়ের স্টল তৈরির অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)। কিন্তু সেই আবেদনের কোনও উত্তর না আসায় অনুমতি পাওয়া গিয়েছে বলে ধরে নেয় সংগঠনটি। এরপর তৈরি করা হয় অস্থায়ী বুক স্টল।
পরবর্তী সময়ে ওই স্টল ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এপিডিআর।
তবে মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, অনুমতি ছাড়া তৈরি স্টল ভেঙে দেওয়ার ঘটনায় আবেদনকারীর কোনও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করার কারণ নেই। প্রশাসনের অনুমতি ছাড়া নির্মাণের ক্ষেত্রে শুধু আবেদনের জবাব না পাওয়াকে অনুমোদন হিসেবে গণ্য করা যায় না বলেও স্পষ্ট করেছে আদালত।




















