কলকাতা —
প্রায় পৌনে তিন কোটি টাকার জালিয়াতির অভিযোগে এবার কাঠগড়ায় খোদ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার। বিহারের একটি বিদ্যুৎ সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জাল চেকের মাধ্যমে ২ কোটি ৭২ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তর কলকাতার পোস্তা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার বিরুদ্ধে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ অনুযায়ী, ওই ব্যাঙ্কের ম্যানেজার আরও কয়েকজনের সঙ্গে ষড়যন্ত্র করে বিহারের বিদ্যুৎ সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক গোপন তথ্য সংগ্রহ করেন। সংস্থাটির অ্যাকাউন্টটি রয়েছে বিহারের পাটনার শাস্ত্রীনগর শাখায়।
অভিযোগ, ওই অ্যাকাউন্টের অব্যবহৃত চেকের বিবরণ, জমা টাকার পরিমাণ এবং নমুনা স্বাক্ষরের মতো গুরুত্বপূর্ণ তথ্য ম্যানেজার তাঁর সহযোগীদের হাতে তুলে দেন। সেই তথ্য ব্যবহার করেই জালিয়াতি চক্রটি একের পর এক নকল চেক তৈরি করে বলে অভিযোগ।
পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে বিভিন্ন ব্যাঙ্কে মোট ৫৬টি জাল চেক জমা দেওয়া হয়। সেগুলিকে আসল বলে দেখিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে তুলে নেওয়া হয় ২ কোটি ৭২ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা।
কীভাবে ব্যাঙ্কের গোপন তথ্য জালিয়াতদের হাতে পৌঁছল, এই বিপুল অঙ্কের টাকা কোন কোন অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাঙ্কের ম্যানেজারের ভূমিকা-সহ গোটা জালিয়াতি চক্রের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।




















