কলকাতা —
টানা চার দিনের চেষ্টায় টালা থেকে উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ চালু করা সম্ভব হলেও এবার নতুন উদ্বেগে কলকাতা পুরসভা। শহরের জল সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান ভরসা ১০৭ বছরের পুরনো মূল পাইপলাইন। ব্রিটিশ আমলে তৈরি এই বিশাল পরিকাঠামো কীভাবে সংস্কার করা হবে, কীভাবে ধাপে ধাপে বদলানো হবে পুরনো পাইপ, তা নিয়েই চিন্তায় পুরসভার শীর্ষ ইঞ্জিনিয়াররা।
সমস্যা শুধু বড় পাইপলাইন ঘিরে নয়। মহানগরের অলিগলি জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট-বড় জলের লাইন। বড় পাইপগুলির কিছু অংশের ডিজিটাল মানচিত্র থাকলেও পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা বহু লাইনের সঠিক তথ্য পুরসভার কাছে নেই। অভিযোগ, বিভিন্ন সময়ে কাউন্সিলররা নিজেদের উদ্যোগে একাধিক গলিতে নতুন পাইপলাইন বসিয়েছেন। ফলে কোথায় কোন পাইপ রয়েছে, তার পূর্ণাঙ্গ নথি তৈরি করাও কঠিন হয়ে পড়েছে।
এর পাশাপাশি উত্তর ও মধ্য কলকাতার বহু এলাকায় দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে শতাব্দীপ্রাচীন জল সরবরাহের পাইপলাইন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পুরসভার ইঞ্জিনিয়াররা শুক্রবার স্বীকার করেছেন, বাগবাজার-বেলেঘাটা, শিয়ালদহ এবং এন্টালির একাধিক এলাকায় মাটির নীচে থাকা মোটা লোহার পাইপ ফেটে থাকলেও সেই ক্ষতির সম্পূর্ণ চিত্র এখনও তাঁদের কাছে নেই।
সমস্যা আরও জটিল হচ্ছে মেরামতির সময়। মাটির নীচে থাকা পুরনো পাইপ খুঁড়ে মেরামত করতে গেলেই আশপাশের অংশ আরও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে মেরামতির কাজ শুরু হলে পাইপলাইনের আরও গভীর ক্ষত সামনে আসতে পারে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা।
পুরসভার পরিকল্পনা অনুযায়ী, টালা-কেন্দ্রিক সম্পূর্ণ জল সরবরাহ ব্যবস্থার পাইপলাইন বদলাতে হলে একটি বিস্তারিত মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। আর সেই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হতে পারে কয়েক হাজার কোটি টাকা। ফলে এত বিপুল অর্থ কোথা থেকে আসবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
পাইপলাইন বদলের কাজে ব্রিটিশ সংস্থার বিকল্প হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাইটসের মতো সংস্থাকে কাজে লাগানো হবে, নাকি কোনও বিদেশি সংস্থার সাহায্য নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে প্রকল্পের অর্থ রাজ্য সরকার দেবে, নাকি কেন্দ্রের কাছ থেকে বরাদ্দ চাওয়া হবে, সেই প্রশ্নও রয়েছে।
সবচেয়ে বড় অনিশ্চয়তা কলকাতা পুরসভায় নির্বাচিত পুরবোর্ড না থাকা। এত বড় আর্থিক ও পরিকাঠামোগত প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন, তা নিয়েও উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ। আপাতত জল সরবরাহ চালু হলেও শহরের শতাব্দীপ্রাচীন পাইপলাইন ব্যবস্থার স্থায়ী সমাধান নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে।




















