
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৮ শে জুন: জীবন বাঁচানোর উপহার হিসাবে আই টি কর্মীর মাথা ফাটালো দুই মদ্যপ। গ্রেফতার দুই। উৎপল খাঁ এবং সৌমেন পাল নামক দুজনকে সুকান্তনগর এলাকা থেকে গ্রেফতার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর গতকাল রাতে সল্টলেকের সুকান্তনগর এর বাসিন্দা বছর ৪০ এর সমর পোদ্দার যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দেখতে পান দুজন মদ্যপ যুবক বাইকে করে আসার সময় রাস্তায় পড়ে যায়। স্থানীয়দের সাথে নিয়ে সেই দুজন যুবককে বাঁচাতে যান সেক্টর ফাইভের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী সমর। এর পরেই ওই দুই যুবককে রাস্তা থেকে তোলার পরেই দুজন মিলে ওই ব্যক্তির উপর চড়াও হয় এবং তাদের সাথে থাকা মদের বোতল দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে বাইক নিয়ে পালিয়ে যায়। এর পরেই স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গতকাল গভীর রাতে সুকান্তনগর এলাকা থেকে ওই দুই মদ্যপ যুবকদের গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আজ তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে*।



















