
নিজস্ব সংবাদদাতা, ব্যান্ডেল,২৯ শে জুন: ব্যান্ডেল স্টেশনে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। তাঁর নাম দিলীপ রাম। তিনি একজন রেলকর্মী বলে জানা গিয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে। জখম ওই তৃণমূল নেতাকে চুঁচুড়া হাসপাতালে ভরতি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী হওয়ার পাশাপাশি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত দিলীপবাবু। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে তিনি কারশেডের দিকে যাচ্ছিলেন। সেসময় কয়েকজন 
দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে অভিযোগ। মাথার পিছনে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। বিষয়টি দেখতে পেয়ে স্টেশনে থাকা লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপরই গুরুতর জখম অবস্থায় দিলীপবাবুকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে ভরতি করার পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনার পরেই হাসপাতালে ছুটে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপির হাত আছে। ব্যান্ডেল এলাকায় তৃণমূলের সংগঠন গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রয়েছে দিলীপের। তাই তাঁকে বহুদিন ধরেই টার্গেট করছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শনিবার সকালে ট্রেন ধরার সময় তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে। উলটে তাদের দাবি, কাটমানি ইস্যুকে কেন্দ্র করে গোটা রাজ্যেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল বাড়ছে। এই ঘটনাটিও ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।



















