
নিজস্ব সংবাদদাতা, বীরভূম,২ রা জুলাই : রাতেও বিক্ষোভ কাটমানির, রাতভর ভয়ে তটস্থ তৃণমূল নেতা
সাঁইথিয়া থানার অন্তর্গত বনগ্রাম পঞ্চায়েতের ভালদা গ্রামে গতকাল রাতে স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ মন্ডল এবং হরি মণ্ডলের বাড়ি ঘিরে রাতভর বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভ দেখানোর মূলে কাটমানি ফেরতের দাবি। রাতে গ্রামবাসীরা একত্রিত হলে ভয়ে তটস্থ তৃণমূল নেতা বাড়ির তালায় খুললেন না।
বাড়ির সামনে বিক্ষোভ, স্লোগান, টাকা ফেরতের দাবি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালেও অভিযুক্ত ওই দুই তৃণমূল নেতা ভয়ে বাড়ি থেকে বেরই হননি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “সরকারি প্রকল্পে আমাদের ঘর আসার পর ডোনেশন হিসাবে কারোর কাছে ৫০০০, কারোর কাছে ১০০০০ টাকা দাবি করে ওই দুই তৃণমূল নেতা। আর টাকা না দিলে কলকাঠি তাদের হাতে আছে বলে হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে আমরা টাকা দি। এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এইসব তৃণমূল নেতাদের টাকা ফেরত দিতে হবে বলে। তাই আমরা টাকা ফেরত দিতে এসেছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, সন্তোষ মন্ডল পূর্বে ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বুথ সভাপতি না থাকলেও এলাকায় রয়েছে তার ব্যাপক প্রভাব। একইভাবে প্রভাব রয়েছে হরি মণ্ডল নামে আরেক তৃণমূল নেতারও।
স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, এইভাবে বিভিন্ন পরিবারের কাছ থেকে ওই দুই তৃণমূল নেতা ৫০০০-১০০০০ টাকা করে নিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছে।
উত্তেজনায় এতোটাই মারাত্মক রূপ নেয় যে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনীকে আসতে হয়। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। এরপর মধ্যরাতে পুলিশি আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হয়ে নিজের নিজের বাড়ি ফিরে যায়।



















