
নিজস্ব সংবাদদাতা, হাবড়া,২ রা জুলাই :উদাসীন প্রশাসন ।এবার পথে নামল পড়ুয়ারা ।প্রায় আধঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ।
সোমবার স্কুলে আসার পথে বেপরোয়া ১০৭ গাড়ির ধাক্কায় গৌড়বঙ্গ রোড এর কইপুকুর বাজারের কাছে মৃত্যু হয় মৌমিতা দাস নামে এক ছাত্রীর । বছর দশের মৌমিতা স্থানীয় আক্রমপুর উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পড়ুয়া ।ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে গৌড়বঙ্গ রোডের যান নিয়ন্ত্রণের জন্য দাবি জানান ।প্রায় নয়মাস আগে ওই রোডে দুর্ঘটনা এড়ানোর জন্য হাবড়া থানার তরফে বেশ কয়েকটি হাম্ফ লাগানো হয় ।কিন্তু তা মাস দুয়েকের মধ্যেই ভারী যানবাহনের চাপে ভেঙে চুরে গিয়েছিল । যার ফলে পুনরায় সেই বেপরোয়া ভাবে গাড়ি চলা শুরু হয় ।পাশাপাশি গৌড়বঙ্গ রোডের দুধারে বেশ কয়েক জায়গায় অবৈধ ভাবে ইমারতি দ্রব্য ফেলা হয়েছে যার ফলে বাড়ছে দুর্ঘটনা ।বিগত কয়েক মাসে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন । মৃত্যুও হয়েছে কয়েকজনের ।তবুও অবৈধভাবে ফেলা ইমারতি দ্রব্য নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি ।এবার এই দুর্ঘটনা কে কেন্দ্র করে মঙ্গলবার পথে নামল স্কুলের শিক্ষক -শিক্ষিকা ও পড়ুয়ারা ।মূলত গৌড়বঙ্গ রোডে যান নিয়ন্ত্রণের ও রাস্তার পাশে অবৈধ ভাবে গাড়ি দাঁড় করিয়ে ইমারতি দ্রব্য রাখার ফলে সংকুচিত হচ্ছে রাস্তা আর তাতেই ঘটছে বিপদ। তাই ইমারতি দ্রব্য সরানোর দাবিও তুলেছে তারা ।



















