
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৬ই জুলাই :অগ্নিনির্বাপনে নয়া প্রযুক্তি, মুকুটে নয়া পালকের অপেক্ষায় পশ্চিমবঙ্গ দমকল দফতর।
আজ পশ্চিমবঙ্গ দমকল এবং জরুরি দফতরের পক্ষ থেকে ৫০ টি অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন দমকলের ইঞ্জিন এবং ৩ টি ফোম পরিবহনকারী গাড়ি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল এবং জরুরি দফতরের মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং দমকল ডিজি আই পি এস জগমোহন সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। আজ এই মঞ্চ থেকে ৩ টি ফোম পরিবহনকারী গাড়ি, ৩০ টি ১৪০০০ লিটার জল ধারণকারী এবং ২০ টি ২৫০০ লিটার জল ধারণকারী গাড়ির উদ্বোধন করা হয়। এই গাড়িগুলি রাজ্যের ১১৪ টি কেন্দ্রে পাঠানো হবে। এছাড়াও কিছুদিনের মধ্যেই ফায়ার বল এবং রোবট যা স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে তা আনা হবে বলে জানান মন্ত্রী সুজিত বসু। এই ৫৩ টি গাড়ি আনতে খরচ হয়েছে মোট ষোলো কোটি একাত্তর লক্ষ তিরানোব্বই হাজার ছয়শ টাকা। আগামী দিনে আরো নতুন প্রযুক্তির স্বাক্ষী থাকবে পশ্চিমবঙ্গ বলে আশা প্রকাশ করেন মন্ত্রী সুজিত বসু।



















