
দিল্লি: অবশেষে বিজেপিতেই যোগ দিলেন হরিয়ানার জনপ্রিয় গায়িকা স্বপ্না চৌধুরি। রবিবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপির সাধারণ সম্পাদক রাম লাল ও দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারির উপস্থিতিতে কেন্দ্রের শাসকদলে যোগ দেন তিনি। দলকে আরও শক্তিশালী করতে দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। সেই উপলক্ষে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ক্যাম্প খুলেছে তারা। রবিবার সকালে সেখানে গিয়ে বিজেপির সদস্যপদ সংগ্রহ করেন তিনি। তাঁকে যোগদান করিয়েই দিল্লিতে এই কর্মসূচির সূচনা করল বিজেপি।


















