
উত্তর দিনাজপুর : তৃনমূল কংগ্রেস গ্রামপঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের চেষ্টা দুস্কৃতীদের।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মোতিলাল গ্রামে। গুলিবিদ্ধ গুরুতর জখম পঞ্চায়েত সদস্য ভুটু আলম কে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মোতিলাল গ্রাম সংসদের তৃনমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভুটু আলম অন্যান্য দিনের মতো কাজকর্ম সেড়ে বাড়িতে এসে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। গরমের কারনে ঘরের জানালা খোলাই ছিল। জানালার ফাঁক দিয়ে দুস্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ভুটু আলমের পায়ে লাগে। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। গুলিবিদ্ধ তৃনমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভুটু আলম অভিযোগ করে বলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী জোটের লোকেরা তাঁর কাকার ছেলে কালিমুদ্দিনকে গুলি করে হত্যা করেছিল। সেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল হাসিব আসরাফী নামে এক ব্যাক্তির নামে খুনের মামলা দায়ের করা হয়। অভিযোগ সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য ভুটু আলম কে মাঝেমধ্যেই চাপ দেওয়া হত। কিন্তু তিনি অনড় থাকায় গতকাল রাতে দুস্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়ে প্রাননাশের চেষ্টা করেছিল বলে জানান তৃনমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভুটু আলম। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।



















