
নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া,২২শে জুলাই :সাত মাস পর বাঁকুড়ায় ঢুকলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ , বাঁকুড়ার মাটিকে প্রনাম করে বাঁকুড়ার মাটিতে পা দিলেন সাংসদ
সাত মাস পর অবশেষে বাঁকুড়া জেলায় প্রবেশ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । আজ সকালে দুর্গাপুর থেকে প্রথমে বাঁকুড়ার বড়জোড়ায় পা রাখেন বিজেপি র সাংসদ সৌমিত্র খাঁ । গত লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ তৃনমুল ছেড়ে বিজেপি তে যোগ দেন । বিজেপি তে যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে বাঁকুড়ার বিভিন্ন থানায় চাকরী দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগ দায়ের হয় । সেই মামলার ভিত্তিতে সৌমিত্র খাঁর বাঁকুড়া জেলায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে আদালত ।

বাঁকুড়ার বাইরে থেকেই বিজেপি র টিকিটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে পুনরায় সাংসদ হিসাবে নির্বাচত হন তিনি । জয়লাভের পরেও আদালতের নিষেধাজ্ঞার কারনে জেলায় প্রবেশ করতে পারেননি সাংসদ সৌমিত্র খাঁ । আজ হাইকোর্টের নির্দেশ মতো তাঁকে বিষ্ণুপুর আদালতে হাজির হতে হবে । সেই উদ্যেশ্যেই সকালে দুর্গাপুর থেকে বড়জোড়ায় এসে পৌঁছান সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় প্রবেশের মুখে দুর্গাপুর ব্যারেজে তাঁকে স্বাগত জানাতে হাজির হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য বিজেপি কর্মী সমর্থক । সাংসদকে ফুলের তোড়া ও মালা দিয়ে স্বাগত জানান দলের কর্মীরা । দুর্গাপুর ব্যারেজে বাঁকুড়ার সীমানায় সস্ত্রীক বাঁকুড়ার মাটিকে প্রনাম করে জেলায় প্রবেশ করেন সাংসদ । এরপর তিনি বিষ্ণুপুর আদালতের উদ্যেশ্যে রওনা দেন । এদিন বাঁকুড়ার মাটিতে পা দিয়েই সাংসদ বলেন আগামীদিনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যাকে তুলে ধরে তার সমাধান এবং সকলের জন্য কাজ ও সকলের জন্য ভাতের দাবিতে তাঁর লড়াই চলবে ।



















