
নিজস্ব সংবাদদাতা, বীরভূম,২৯শে জুলাই : সিউড়ির কাকরখাদ এলাকায় গতকাল থেকেই দফায় দফায় বোমাবাজির অভিযোগ। আজও সকালে ও বিকেলে হয় বোমাবাজি, বেশ কয়েকটি বোমা পড়ে থাকতেও দেখা যায় এলাকায়। সিউড়ি থানার অন্তর্গত ফকিরপাড়ার কয়েকজন যুবকের সাথে সংঘর্ষ বাঁধে কাকরখাদ এলাকার কয়েকজন যুবকের। জমিজমা নিয়ে বিবাদের সূত্রপাত। এরপরই ঝামেলা বাড়তে বাড়তে গড়িয়ে যায় বোমাবাজি পর্যন্ত। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে সিউড়ি থানার পুলিশ, এর আগেও ওই এলাকায় বোমাবাজির পর উপস্থিত হয়েছিল সিউড়ি থানার পুলিশ।

সিউড়ি শহরের আশেপাশে বোমাবাজির ঘটনা বহু ঘটেছে বীরভূমের। বীরভূমে এমন কোন দিন নেই যে জেলায় কোন না কোন প্রান্তে বোমাবাজি হয়নি, প্রায় প্রত্যেক দিনই জেলার কোন না কোন প্রান্তে লেগেই থাকে বোমাবাজির ঘটনা। কিন্তু সিউড়ি শহরের ভিতরে এমন বোমাবাজির ঘটনায় যথেষ্ট আতঙ্কে শহরবাসী।
কে বা কারা কি উদ্দেশ্যে বোমাবাজি করছে, সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।



















