
নিউজ ডেস্ক, কলকাতা: ভুয়ো কল সেন্টার চালু করে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের পর্দা ফাঁস। পুলিশের জালে ভিন রাজ্যের নাগরিক। প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সল্টলেকের সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার চালু করে ব্যবসা চালানোর তথ্য সূত্র মারফত এসে পৌঁছায় বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে, একটি ভুয়ো কল সেন্টার থেকে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে বিদেশি নাগরিকদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের নিজেদের দেশের ইনকাম ট্যাক্স দেওয়ার কথা বলে তাদের থেকে টাকা হাতানোর একটি চক্র সক্রিয়। এই ভাবে প্রতি মাসে বিদেশি নাগরিকদের থেকে ১০লক্ষ ডলার করে টাকা বেশকিছু ব্যাংক একাউন্টে জমা হচ্ছে। সেই সূত্র ধরে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে মুম্বাইয়ের বাসিন্দা তৌহিদ ওয়াহিদ খানের নেতৃত্বে একটি ভুয়ো সংস্থা চালু করে এই প্রতারণা চক্র চালাচ্ছিল তারা। এর পরেই শেক্সপিয়ার সরনী থানা এলাকা থেকে ওয়াহিদ এবং প্যাটেল রিচেস নামক দুজনকে গ্রেফতার করে পুলিশ। এদের জিজ্ঞেসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের থেকে ভিওআইপি নম্বর ব্যবহারের তথ্য, মোবাইল ফোন, ব্যাংক একাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞেসাবাদ চালানোর আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।



















