পানিহাটি:
রাজ্যে ক্ষমতা বদলের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের আর্থিক স্বস্তি দিতে মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্তের পর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের দিকে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে আয়োজিত ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠানে তিনি জানান, এবার থেকে রাজ্যের সমস্ত ICDS কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকার প্রশংসা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, শিশুদের শিক্ষার প্রাথমিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে এই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নিতিন নবীন এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একাধিক উন্নয়নমূলক ও সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, গত অগস্ট থেকেই অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতায় অতিরিক্ত ৫ হাজার টাকা কার্যকর করা হয়েছে। পাশাপাশি তাঁদের ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় আনার কথাও জানানো হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্মীরা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা পাবেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্তের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে বার্তা দেওয়া হয়। সরকারের দাবি, শিশুদের প্রাথমিক শিক্ষা, পুষ্টি এবং পরিচর্যার সঙ্গে সরাসরি যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজকে আরও সহজ করতে কেন্দ্রগুলির পরিষেবা ও সুযোগ-সুবিধা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে নতুন এই ঘোষণায় রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি কেন্দ্রগুলিতে আসা শিশু ও তাঁদের পরিবারেরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।




















