শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করে পালাল কুখ্যাত দুষ্কৃতী! অভিযুক্ত রতন শেখের বিরুদ্ধে ৩৬টিরও বেশি মামলা, চার থানার যৌথ তল্লাশি

শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করে পালাল কুখ্যাত দুষ্কৃতী! অভিযুক্ত রতন শেখের বিরুদ্ধে ৩৬টিরও বেশি মামলা, চার থানার যৌথ তল্লাশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বীরভূম —

শান্তিনিকেতনে দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম হলেন এক পুলিশ কনস্টেবল। শুক্রবারের এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রতন শেখ। জখম পুলিশকর্মী বর্তমানে বর্ধমান জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি জখম কনস্টেবলের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা একটা খুবই খারাপ খবর। বর্ধমান জেলা হাসপাতালের ডাক্তারদের সঙ্গেও আমি কথা বলেছি। ৫ লক্ষ টাকা অনুদানও দিয়েছি।” অভিযুক্ত রতন শেখকে কুখ্যাত দুষ্কৃতী বলে উল্লেখ করে তিনি জানান, নানুর, বোলপুর ও শান্তিনিকেতন থানায় তার বিরুদ্ধে ৩৬টিরও বেশি মামলা রয়েছে। ডাকাতি, চুরি এবং মাদক কারবারের মতো অপরাধে দীর্ঘদিন ধরে সে জড়িত বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

আগের সরকারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই ধরনের দুষ্কৃতীদের মাথায় তৃণমূলের হাত ছিল। তাঁর দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রতন শেখকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু উৎসবের মরশুমে সে কীভাবে জেল থেকে মুক্তি পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গোটা ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, পলাতক অভিযুক্তকে গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ। বোলপুর, কীর্ণাহার, নানুর ও শান্তিনিকেতন—এই চার থানার পুলিশ যৌথভাবে চিরুনি তল্লাশি চালাচ্ছে। অভিযুক্ত যাতে কোনওভাবেই এলাকার বাইরে পালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং জাতীয় সড়কগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরো বিষয়টি আইনি পথেই মোকাবিলা করা হবে। অভিযুক্তের খোঁজে পুলিশের তল্লাশি অব্যাহত। কীভাবে এই ঘটনা ঘটল এবং অভিযুক্তের জেল থেকে মুক্তির পিছনে কী কারণ রয়েছে, তদন্তে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top