কলকাতা —
রাজ্য সরকারি সপ্তম পে কমিশন ঘিরে সামনে এল নতুন আপডেট। বেতন, ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিজেদের প্রস্তাব ও মতামত জমা দিতে পারবেন সংশ্লিষ্ট কর্মী এবং কর্মচারী সংগঠনগুলি।
উল্লেখ্য, নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার পরই রাজ্যে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করেছে বিজেপি সরকার। সরকারি কর্মীদের বেতন-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য কমিশনের তরফে একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্প্রতি নতুন করে যেসব সংস্থাকে কমিশনের আওতায় আনা হয়েছে, সেখানকার কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের সুবিধার্থেই ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
তবে আবেদন জমা দেওয়ার পদ্ধতি নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে কমিশন। শুধুমাত্র কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জমা পড়া আবেদনই বিবেচনা করা হবে। হার্ড কপি, পিডিএফ কিংবা ইমেলের মাধ্যমে পাঠানো কোনও প্রস্তাব গ্রহণ করা হবে না।
এদিকে, সম্প্রতি ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ একাধিক সংস্থাকে সপ্তম পে কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্বও দেওয়া হয়েছে কমিশনকে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদকে কমিশনের আওতার বাইরে রাখা হয়েছে।
সব মিলিয়ে, নতুন করে অন্তর্ভুক্ত সংস্থাগুলির কর্মীদের মতামত জমা দেওয়ার সুযোগ বাড়াতেই এই সময়সীমা বৃদ্ধি। তাই বেতন, ভাতা কিংবা অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তাব জানাতে ইচ্ছুক সংশ্লিষ্ট কর্মী ও সংগঠনগুলিকে ৩০ নভেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে আবেদন জমা দিতে হবে।




















