রাজ্য – শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশের আগে এই গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে উত্তরবঙ্গের উন্নয়ন ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটলেই রাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হবে। আসন্ন বাজেটে কর্মসংস্থান, শিল্পোন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের ব্যবসায়ী ও শিল্পমহলের প্রতিনিধিরা বৈঠকে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি ও সম্ভাবনার বিষয়গুলি তুলে ধরেন। বণিক সভার সদস্যদের মতে, এবার প্রথমবার তাঁরা খোলামেলা পরিবেশে তাঁদের মতামত সরাসরি সরকারের সামনে তুলে ধরতে পেরেছেন।
বৈঠকে আলোচনা হয় শিল্পোন্নয়ন ছাড়াও কর্মসংস্থান বৃদ্ধি, পরিবহন ব্যবস্থা উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং নতুন বিনিয়োগ আকর্ষণ নিয়েও। ব্যবসায়ী মহলের দাবি, উত্তরবঙ্গকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, রাজ্যের কোষাগারের পরিস্থিতি বর্তমানে কঠিন হলেও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় উন্নয়নমূলক কাজ এগোচ্ছে। তাঁর মতে, ডবল ইঞ্জিন সরকারের সমন্বয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে নতুন গতি আসতে পারে।
তিনি আরও জানান, শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এই অঞ্চলের উপর বিশেষ নজর দেওয়া হবে। উন্নত যোগাযোগ ও অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও উঠে আসে আলোচনায়।
বুলেট ট্রেন প্রকল্প নিয়েও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তাঁর দাবি, শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন চালুর সম্ভাবনা ভবিষ্যতে উত্তরবঙ্গের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। উত্তরবঙ্গকে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
আসন্ন বাজেটকে সামনে রেখে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।



















