প্রশ্নফাঁস চক্রকে রেহাই নয়, সংশোধনী বিল পাশের পর কড়া বার্তা প্রধানমন্ত্রীর

প্রশ্নফাঁস চক্রকে রেহাই নয়, সংশোধনী বিল পাশের পর কড়া বার্তা প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এর সংশোধনী বিল লোকসভায় পাশ হওয়ার একদিন পরই প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, সেই প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়াদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এবং বিভিন্ন রাজ্যের মতামত বিবেচনায় নিয়ে সরকার পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে কাজ করছে।

মোদি আরও বলেন, শুধু কেন্দ্রীয় স্তরেই নয়, রাজ্য স্তরেও শিক্ষাব্যবস্থায় সংস্কার অত্যন্ত জরুরি। পরীক্ষা সংক্রান্ত জালিয়াতি ও প্রশ্নফাঁস রোধে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপরও তিনি জোর দেন।

প্রধানমন্ত্রীর কথায়, “প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়া যারা দেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, বুধবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এর সংশোধনী বিল পাশ হয়েছে। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে প্রশ্নফাঁস, পরীক্ষায় জালিয়াতি এবং সংগঠিত অপরাধমূলক চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আইনি ভিত্তি শক্তিশালী হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top