রাজ্য – রবিবার সকালে এখনও পর্যন্ত কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও মহানগর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির পাশাপাশি সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও সময়ে সময়ে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে সপ্তাহের শুরুতেই মহানগরবাসীকে বৃষ্টির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




















