রাজ্য – কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে প্রতিবছরই বিপুল পরিমাণ মদ বিক্রি হয়। গত বছর উৎসবের তিন দিনে প্রায় সাড়ে চার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। তবে এ বার সেই তুলনায় বিক্রি কমেছে বলে আবগারি দপ্তরের পরিসংখ্যানে ইঙ্গিত মিলেছে। চলতি বছর তিন দিনে মোট বিক্রির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।
ব্যবসায়ীদের একাংশের দাবি, মদ বিক্রি কমার পিছনে অন্যতম কারণ তৈরি হওয়া বিভ্রান্তি। তাঁদের বক্তব্য, তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির বৈঠকে কৌশিকী অমাবস্যার দু’দিন আগে থেকেই মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে খবর ছড়ায়। যদিও আবগারি দপ্তরের তরফে দোকান বন্ধ রাখার কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবুও অনেক ব্যবসায়ী নতুন করে মদ মজুত করেননি বলে দাবি।
ব্যবসায়ীদের আরও বক্তব্য, দোকান বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় কিছু পর্যটক তারাপীঠে আসার আগেই মদ কিনে নিয়ে এসেছিলেন। ফলে উৎসবের সময় স্থানীয় দোকানগুলিতে বিক্রির পরিমাণ তুলনামূলকভাবে কমেছে বলে তাঁদের মত।
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৯ ও ১০ সেপ্টেম্বর মিলিয়ে তারাপীঠে প্রায় আড়াই কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এর আগে ৮ সেপ্টেম্বর আরও প্রায় ৫০ লক্ষ টাকার মদ বিক্রি হয়। অর্থাৎ তিন দিনে মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি টাকা। তারাপীঠে প্রায় ২৪টি মদের দোকান রয়েছে এবং সেগুলি থেকেই এই বিক্রি হয়েছে। তবে কোন ধরনের মদ কত পরিমাণে বিক্রি হয়েছে, তার বিস্তারিত সরকারি হিসাব শুক্রবার পর্যন্ত পাওয়া যায়নি।




















