বারাণসী
বারাণসীর আকাশে একের পর এক যুদ্ধবিমানের গর্জন। গঙ্গার বুকে প্রতিফলিত হল ভারতীয় বায়ুসেনার শক্তি, দক্ষতা ও আধুনিক যুদ্ধবিমানের চোখধাঁধানো প্রদর্শন। রবিবার নমো ঘাটে আয়োজিত ‘উইংস ওভার গঙ্গা’ (Wings Over Ganga) এয়ার শো-তে বিশেষ আকর্ষণ হয়ে উঠল তিনটি রাফালে যুদ্ধবিমানের ‘নীলকণ্ঠ’ ফরমেশন। নিখুঁত সমন্বয়ে আকাশে তাদের উড়ান মুগ্ধ করল উপস্থিত দর্শকদের। এই বিশেষ প্রদর্শনীর সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় বায়ুসেনার ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হয়েছিল এই বর্ণময় এয়ার শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। তিন দিনব্যাপী এই প্রদর্শনীর রবিবার ছিল শেষ দিন। এয়ার শো-কে ঘিরে বারাণসীতে তৈরি হয়েছিল উৎসবের আবহ।
বায়ুসেনার আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে অংশ নেয় সুখোই-৩০ এমকেআই, দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস এবং এলসিএইচ প্রচণ্ডের মতো যুদ্ধবিমান ও হেলিকপ্টার। আকাশে প্রতিটি প্রদর্শনের মধ্য দিয়ে উঠে আসে বায়ুসেনার প্রশিক্ষণ, পাইলটদের দক্ষতা এবং আধুনিক বিমান পরিচালনার সক্ষমতা।
তবে দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল তিনটি রাফালে যুদ্ধবিমানের ‘নীলকণ্ঠ’ ফরমেশন। আকাশে তাদের সুসংহত উড়ান ও সমন্বিত কৌশল দর্শকদের নজর কাড়ে। পাশাপাশি মি-১৭ হেলিকপ্টারের ‘ওঙ্কার’ ফরমেশনও বিশেষ প্রশংসা পায়। গঙ্গার বুকে প্রতিফলিত যুদ্ধবিমানের এই চোখধাঁধানো প্রদর্শনী বারাণসীর আকাশে তৈরি করে এক স্মরণীয় দৃশ্য।




















