গভীর রাতে মন্ত্রীর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অফিসে হামলা, ছিঁড়ে দেওয়া হল ব্যানার-পোস্টার ও কাটআউট; তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ পূর্ণিমার

গভীর রাতে মন্ত্রীর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অফিসে হামলা, ছিঁড়ে দেওয়া হল ব্যানার-পোস্টার ও কাটআউট; তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ পূর্ণিমার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

মঙ্গলবার গভীর রাতে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর অফিসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাত আড়াইটে থেকে ৩টের মধ্যে দুষ্কৃতীরা অফিসে হামলা চালায় বলে অভিযোগ। বুধবার সকালে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে দেখতে পান, অফিসের সামনে থাকা ব্যানার ও পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। এমনকী বিজেপির লোগোও ধারালো কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, শুধু ব্যানার-পোস্টার নয়, অফিসের সামনে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর কাটআউটের মুখের অংশও ছিঁড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অফিসের ভিতরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। সকালে বিষয়টি নজরে আসতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে থাকা পথচারীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত বটতলা থানায় জানানো হয়। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের হামলার পিছনে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় পূর্ণিমা চক্রবর্তী এবং স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে আতঙ্ক ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই হামলা চালানো হয়েছে। তাঁদের অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও হামলার প্রকৃত কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও তদন্তসাপেক্ষ।

পুলিশের তদন্তেই হামলাকারীদের পরিচয় এবং ঘটনার নেপথ্যের কারণ স্পষ্ট হবে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top