গ্রাম থেকে শহরে চিকিৎসা করাতে এসে আর হন্যে হয়ে ঘুরতে হবে না! রোগীদের সাহায্যে টোল ফ্রি হেল্পলাইন চালুর উদ্যোগ ‘সনাতনী স্বাস্থ্য সেনা’র

গ্রাম থেকে শহরে চিকিৎসা করাতে এসে আর হন্যে হয়ে ঘুরতে হবে না! রোগীদের সাহায্যে টোল ফ্রি হেল্পলাইন চালুর উদ্যোগ ‘সনাতনী স্বাস্থ্য সেনা’র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: গ্রাম বা মফস্‌সল থেকে শহরে চিকিৎসা করাতে এসে হাসপাতাল খুঁজে কিংবা ভর্তি করাতে গিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। এবার তাঁদের পাশে দাঁড়াতে টোল ফ্রি হেল্পলাইন চালুর উদ্যোগ নিল ‘সনাতনী স্বাস্থ্য সেনা’। নিজেদের ‘রাষ্ট্রবাদী’ বলে পরিচয় দেওয়া একদল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং এমবিবিএস পড়ুয়াদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠন শহরের চিকিৎসাক্ষেত্রে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার লক্ষ্য নিয়েছে।

সংগঠনের ন্যাশনাল চেয়ারম্যান ডা. পি কে হাজরা জানিয়েছেন, খুব শীঘ্রই টোল ফ্রি নম্বর ঘোষণা করা হবে। ওই নম্বরে ফোন করে সাধারণ মানুষ সংগঠনের সদস্য হওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতাও পেতে পারবেন। বিশেষ করে বাইরে থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় গাইড করার লক্ষ্যেই এই পরিষেবা চালুর উদ্যোগ বলে জানানো হয়েছে।

আগামী দিনে একাধিক বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে সংগঠনের। রক্তদান শিবির আয়োজন, চিকিৎসকদের উপর হামলা ও নিগ্রহ রোধ এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ডা. পি কে হাজরা। তাঁর দাবি, সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের বহু চিকিৎসক এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

ডা. হাজরার কথায়, সংগঠনের সদস্যদের মধ্যে কেউ সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক, আবার কেউ বেসরকারি হাসপাতালের বিভাগীয় প্রধান। ফলে চিকিৎসার জন্য শহরে আসা সাধারণ মানুষকে হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিশা দেখানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি। সংগঠনের সম্পাদক ডা. দীপঙ্কর দেবনাথ, ডা. মধুরিমা মাইতি, ডা. সুনীপ বন্দ্যোপাধ্যায়, ডা. প্রদীপ কুমার ঘোষ, এসএসকেএম হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের ডা. অরিন্দম সরকার এবং ত্বকরোগ বিশেষজ্ঞ ডা. অসীম সরকার-সহ একাধিক চিকিৎসকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top