রাজ্য – জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্যের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বুধবার কলকাতার মহাজাতি সদনে পশ্চিমবঙ্গ বিজেপির চিকিৎসক সেল ও স্বাস্থ্য পরিষেবা সেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায় এবং জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে একাধিক মন্তব্য করেন।
মঞ্চে দুই নেতার ছবি দেখে শমীক ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর ডা. বিধানচন্দ্র রায় কোনও প্রতিবাদ করেননি। তাঁর দাবি, বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের রূপকার হতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের জন্মদাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়।
শমীকের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, এ ধরনের কোনও তথ্য তাঁর জানা নেই। তাই বিষয়টি সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা নিয়েও বক্তব্য রাখেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেন, চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে যাতে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে যেতে না হয়, সেই পরিস্থিতি তৈরি করতে হবে। তাঁর দাবি, আন্তর্জাতিক চিকিৎসা প্রোটোকল অনুযায়ী চিকিৎসার মান সর্বত্র একই হওয়ার কথা, তাই রাজ্যের মানুষকে এখানেই চিকিৎসা করানোর পরিবেশ গড়ে তুলতে হবে।
বক্তৃতায় গত ১৫ বছরের বিভিন্ন ঘটনা নিয়েও সমালোচনা করেন শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেন, বহু ইস্যুতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শিল্পী এবং চিকিৎসকদের প্রতিবাদ দেখা যায়নি। পাশাপাশি তিনি বলেন, ‘অভয়া’র ঘটনার পর ‘রাত দখল’ কর্মসূচি ছিল সাধারণ মানুষের প্রতিবাদের প্রতীক। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, বিজেপির মেডিক্যাল সেল কোনওভাবেই রাজ্য সরকারের দৈনন্দিন প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবে না।




















