রাজ্য – দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে গরম ও অস্বস্তি। অন্যদিকে টানা বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই রাজ্যের বিভিন্ন অংশে আবহাওয়ার এই বৈপরীত্য দেখা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও তার প্রভাবে আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে। ফলে কোথাও ঝড়-বৃষ্টি, আবার কোথাও ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। Kolkata-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে মূলত শুষ্ক ও ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। তবে দু-একটি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে তাতেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলবে না। দিনের বেলায় মেঘলা আকাশের কারণে অস্বস্তিকর গরম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতায় আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। Darjeeling, Kalimpong, Alipurduar, Jalpaiguri এবং Cooch Behar জেলায় শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে পাহাড় ও ডুয়ার্সের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




















