দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালি মাখালেন বিক্ষুব্ধ মহিলারা, উদ্ধার বহু নথি ও মৃত ব্যক্তিদের ভোটার কার্ডের অভিযোগ

দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালি মাখালেন বিক্ষুব্ধ মহিলারা, উদ্ধার বহু নথি ও মৃত ব্যক্তিদের ভোটার কার্ডের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য -দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে রবিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস রায়ের বিরুদ্ধে সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরে কাউন্সিলরকে কালো কালি মাখিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। ঘটনাস্থল থেকে তাঁর এক সহযোগীকেও মারধর করে কালি মাখানো হয়। পরে দু’জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন বন্ধ থাকা ওই পার্টি অফিস খুলতেই একটি তালাবদ্ধ আলমারির সন্ধান মেলে। আলমারি খুলে সেখানে মৃত ব্যক্তিদের ভোটার কার্ড, বিপুল সংখ্যক রেশন কার্ড, খাদ্যসাথী কার্ড, জমি-বাড়ির নথি এবং উত্তর দমদম পুরসভার বিভিন্ন সরকারি নথি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এই নথিগুলি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে।

দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর দাবি, এলাকাবাসীর উপস্থিতিতে অফিসের আলমারি খুলে বিপুল পরিমাণ নথি উদ্ধার করা হয়েছে। তাঁর অভিযোগ, উদ্ধার হওয়া একটি ডায়েরিতে বিভিন্ন ব্যক্তির নামের পাশে লক্ষ লক্ষ টাকার লেনদেনের উল্লেখ রয়েছে, যা তোলাবাজির সঙ্গে যুক্ত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বহু জমি-বাড়ির দলিল ও চুক্তিপত্রও উদ্ধার হয়েছে বলেও দাবি করেন বিজেপি বিধায়ক।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগের বিষয়ে তাপস রায়ের পক্ষ থেকে কোনও বিস্তারিত ব্যাখ্যা সামনে আসেনি। ঘটনার পর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে এবং উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top