দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ টিকিট বিক্রি কাণ্ডে এফআইআর, ইন্দ্রনীল সেন ও স্ত্রী মধুছন্দা সেনসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ টিকিট বিক্রি কাণ্ডে এফআইআর, ইন্দ্রনীল সেন ও স্ত্রী মধুছন্দা সেনসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতায় দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’ টিকিট বিক্রিকে কেন্দ্র করে ওঠা বিতর্ক এবার আইনি মোড় নিল। অভিযোগের ভিত্তিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর রুজু করল কলকাতা পুলিশ। ঘটনায় রাজ্য রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৌবাজার থানায় এই বিষয়ে একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগটি করেন ‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়েছে।

এফআইআরে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী ছাড়াও আরও তিনজনের নাম রয়েছে—ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়। অভিযোগ, দুর্গাপুজোর বিশেষ প্রিভিউ শোয়ের জন্য ভিআইপি প্রিভিলেজড টিকিট বিক্রির নামে বেআইনি অর্থ সংগ্রহ করা হচ্ছিল।

অভিযোগকারীদের দাবি, এই পুরো প্রক্রিয়ায় ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করা হলেও সংস্থাটির সঙ্গে এর কোনও আনুষ্ঠানিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। নিজেদের দাবির সমর্থনে তারা পুলিশের কাছে ইমেল এবং একাধিক নথি জমা দিয়েছেন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ইউনেস্কো এই ধরনের কোনও অনুমোদন দেয়নি।

অভিযোগ অনুযায়ী, দুর্গাপুজোকে ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ স্বীকৃতিকে ব্যবহার করে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বেআইনিভাবে প্রিমিয়াম টিকিট বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করছিল। অভিযোগকারীদের মতে, এই পুরো কর্মকাণ্ড একটি সংগঠিত আর্থিক প্রতারণার অংশ।

এফআইআর রুজু হওয়ার পর বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। তদন্তে এই অভিযোগের সত্যতা কতটা, এবং এর সঙ্গে আর কারা যুক্ত থাকতে পারে—তা খতিয়ে দেখছে পুলিশ।

এখন নজর তদন্তের অগ্রগতি এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top